Breaking news

ডাসারে ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান, আতঙ্কে শতাধিক শিক্ষার্থী Share
ডাসারে ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান, আতঙ্কে শতাধিক শিক্ষার্থী

ডাসারে ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান, আতঙ্কে শতাধিক শিক্ষার্থী

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের ১৪৫ নম্বর পশ্চিম শশিকর ওয়াপদারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। ভবনের ৩৬টি পিলারেই দেখা দিয়েছে ফাটল। কোথাও খসে পড়েছে পলেস্তারা, আবার কোথাও বেরিয়ে এসেছে রড। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই প্রতিদিন চলছে পাঠদান। এতে নিরাপত্তাহীনতায় রয়েছে শতাধিক শিক্ষার্থী। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে শিক্ষক ও অভিভাবকদেরও।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি আশপাশের কয়েকটি গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষার অন্যতম ভরসা। বিদ্যালয়টির তিন কিলোমিটারের মধ্যে আর কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা জানা সত্ত্বেও সন্তানদের পড়াশোনার স্বার্থে অনেকটা বাধ্য হয়েই এ বিদ্যালয়ে পাঠাতে হচ্ছে অভিভাবকদের।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবনের বিভিন্ন পিলারে ফাটল রয়েছে। দেয়াল ও পলেস্তারা ক্ষয়ে গেছে। কয়েকটি স্থানে বেরিয়ে পড়েছে রড। বৃষ্টি হলে ছাদ ও দেয়াল চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। এতে ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা, ক্ষতিগ্রস্ত হয় আসবাবপত্র। ঝুঁকিপূর্ণ অবকাঠামোর পাশাপাশি রয়েছে শ্রেণিকক্ষের সংকট। বিকল্প ব্যবস্থা না থাকায় এসব প্রতিকূলতার মধ্যেই চলছে পাঠদান।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষে বসে পড়াশোনার সময় ভবন নিয়ে তাদের ভয় কাজ করে। বৃষ্টি হলে পানি পড়ে বই-খাতা ভিজে যায়। তাই দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছে তারা।

অভিভাবকদের অভিযোগ, শিশুদের নিরাপত্তা নিয়ে তারা সব সময় দুশ্চিন্তায় থাকেন। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তারা খসে পড়ার দৃশ্য তাদের আতঙ্কিত করে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ ভবনটির পরিবর্তে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন অভিভাবকেরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূরবী সরকার বলেন, বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা দীর্ঘদিনের। ভবনের বিভিন্ন পিলারে ফাটল থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ রয়েছে। বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি পড়ে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে। ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান করানো কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনা ঘটার আগেই বিদ্যালয় ভবনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ রয়েছে। শিক্ষকেরাও তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছেন। কিন্তু জরাজীর্ণ ভবন ও শ্রেণিকক্ষের সংকট স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, বিদ্যালয় ভবনের বর্তমান অবস্থা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পিড়ারবাড়ী, নইয়ারবাড়ী, উত্তর শশিকর ও পশ্চিম শশিকর এলাকার শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। নতুন ভবন নির্মাণের জন্য বিদ্যালয়ের নিজস্ব ৩৩ শতাংশ জমিও রয়েছে।

এলাকাবাসী, শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ভবনটির কারিগরি পরীক্ষা করা হবে। ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশা করছেন তারা। তাদের মতে, দুর্ঘটনার অপেক্ষায় না থেকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। খবর সুত্র: বিডি প্রতিদিন।

বিবিএন২৪/এমআরকে/ ১০ অক্টোবর ২০২৬,


Published: 2026-10-10 09:37 am   |   View: 1165   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow