পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে নির্দিষ্ট একটি এলাকায় দীর্ঘ ১৭ দিন ধরে বন্ধ রাখা হয়েছে হয়েছে পানির সংযোগ। বাতিস্তম্ভে আলোও জ্বলছে না। এমনটি কেন? এই প্রশ্নের উত্তর নেই। কারাই বা বন্ধ করল? সেই উত্তরও নেই। এমন ঘটনা লক্ষ্য করা গেছে কলকাতা কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাশীপুর জেটি সংলগ্ন জ্যোতিনগর কলোনিতে।
এর আগে, গেল ২৯ জুলাই হঠাৎ কাশিপুর জেটিঘাট সংলগ্ন জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পানি সরবরাহ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। তবে এমনটি কারা করেছে তা স্পষ্ট নয়। অনেকেরই অভিযোগ, বিজেপির তরফ থেকে এই কাজ করা হয়েছে। সমস্যা সমাধানের জন্য নেতাদের দরজায় বাসিন্দারা কড়া নাড়ার পর কিছু ঘরের বিদ্যুৎ সংযোগ আবার ফিরে এসেছে।
জ্যোতিনগর কলোনিতে প্রায় ৫০০ সংখ্যালঘু পরিবার রয়েছে। কেউ ৫০-৬০ বা ৭০ বছর ধরে বংশ পরম্পরায় সেখানে বসবাস করছে। ১৭ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন তারা। অনেকেই কলোনির পাশ থেকে বয়ে যাওয়া গঙ্গা থেকে জল নিয়ে রান্না করছেন। বিভিন্ন জায়গার দূষিত জল গঙ্গায় পড়ছে আর সেই জলে গোসল করে রোগের শিকার হচ্ছেন অনেকে।
পানি সরবরাহ বন্ধ থাকায়, কিছুটা দূর থেকে পানি নিয়ে এসে তা পান করতে হচ্ছে বাসিন্দাদের। তবে কতদিন এভাবে চলবেন? তাদেরকে বস্তি থেকে উচ্ছেদ করার একটা ফন্দি আটা হয়েছে বলেও মনে করছেন ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে কলকাতার স্থানীয় গণমাধ্যম যেমন সংবাদ প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছে, তেমনি বিজেপি নেতৃত্বও এ বিষয়ে কোনোরকম মন্তব্য করতে চাননি।
রাজ্যে সদ্য নির্বাচনের পর কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন বিজেপির রিতেশ তিওয়ারি। তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন, সংখ্যালঘুরা তাকে ভোট দেননি, তাই সংখ্যালঘুদের জন্য তিনি কোনো কাজ করবেন না। বিধায়কের এমন বক্তব্য আশঙ্কা বাড়াচ্ছে স্থানীয়দের।খবর সূত্র:চ্যানেল 24
বিবিএন২৪/এমআরকে/১৫ আগস্ট ২০২৬,