Breaking news

শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণানির্ভর শিক্ষাঙ্গণ গড়াই প্রধান লক্ষ্য: পবিপ্রবি ভিসি Share
শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণানির্ভর শিক্ষাঙ্গণ গড়াই প্রধান লক্ষ্য: পবিপ্রবি ভিসি

শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণানির্ভর শিক্ষাঙ্গণ গড়াই প্রধান লক্ষ্য: পবিপ্রবি ভিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেছেন, ‘শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গণ গড়াই আমাদের প্রধান লক্ষ্য। আমার গত তিন মাসে পবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য কিছু পদক্ষেপ নিয়েছি, যা বর্তমানে দৃশ্যমান।’

শনিবার দুপুরে কৃষি অনুষদ কনফারেন্স রুমে আয়োজিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি উপজেলা ও পটুয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে ১৬ বছর ধরে চলা অনিয়ম এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে যে অস্থিরতা ও হীনম্মন্যতা কাজ করছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। প্রতিটি শাখায় গিয়ে অফিস কার্যক্রম নিশ্চিত করছি। শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় উজ্জীবিত করা এবং বিশ্ববিদ্যালয়ের চলমান নির্মাণকাজ দ্রুত শেষ করতে পরিকল্পনা ও প্রকৌশল বিভাগের সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উপাচার্য বলেন, দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এবং নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগের সমন্বয়ে নতুন হেলথ সায়েন্স অনুষদ প্রতিষ্ঠার প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের ৫৮তম রিজেন্ট বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন পেলেই পরবর্তী প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করার পরিকল্পনা রয়েছে।

এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ সংযোজন হবে। অবহেলিত দক্ষিণাঞ্চলে স্বাস্থ্য বিজ্ঞান ভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেন ভিসি।

শিক্ষার্থীদের জন্য বরিশাল ও পটুয়াখালীতে টিউশনি ও অন্যান্য কাজে নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থীদের বাসভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। পরিবহন, অর্থ ও হিসাব শাখায় স্বচ্ছতা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান হেমায়েত জাহান। তিনি বলেন, ‘নতুন শিক্ষার্থীরা যাতে র‌্যাগিংমুক্ত ও শিক্ষাবান্ধব ক্যাম্পাসে চলাফেরা করতে পারে, তা নিশ্চিত করতে কাজ করছি। ক্যাম্পাসকে মাদক ও র‌্যাগিংমুক্ত করার বিভিন্ন কার্যক্রমও চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আধুনিকায়ন, সর্বক্ষেত্রে অটোমেশন চালুসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পবিপ্রবির গবেষণার ফল সারা দেশসহ বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়া আমার মূল লক্ষ্য। শ্রেণিকক্ষ ও গবেষণাগারে শিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি করতে কাজ করছি।’

বিদেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান উপাচার্য। বিশ্ববিদ্যালয়টি ‘ইন্টারন্যাশনাল কোলাবরেশন ফর ফুড সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল অ্যাগ্রিকালচার’ (আইসিএফএসএ), মালয়েশিয়ার একমাত্র বাংলাদেশি সদস্য।

উপাচার্য বলেন, ‘সম্প্রতি ইন্দোনেশিয়ার ইউনিভার্সিতাস নেগেরি পাদাংয়ের সঙ্গে সমঝোতা স্মারক হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে মেধাবী শিক্ষার্থী বাছাইয়ের মাধ্যমে ফুল-ফান্ডেড স্কলারশিপের ব্যবস্থা করেছি। আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, চীন সহ অন্যান্য সকল দেশের সাথে কোলাবরেশনের উদ্যোগ নিয়েছি।’  

ভাইস-চ্যান্সেলর বলেন, মাদক নিরোধের লক্ষ্যে আমরা প্রথমে ডোপ টেস্টের মাধ্যমে ভর্তি নিয়েছি। ভবিষ্যতে এটি শতভাগ নিশ্চিত করার চেষ্টা করব, র‌্যাগিংমুক্ত হলের পরিবেশ নিশ্চিত করা এবং হলগুলোতে শিক্ষার্থীদের সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা আমাদের লক্ষ্য। এছাড়া শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করা হবে এবং তাদের উপযুক্ত পুরস্কৃত করা হবে। যারা ভালো কাজ করবে বা সহশিক্ষা কার্যক্রমে অংশ নেবে, তাদেরও পুরস্কৃত করা হবে। 

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘আমাদের জীবনে দুই ধরনের মাইন্ডসেট দেখা যায়, ফিক্সড মাইন্ডসেট ও গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট মানুষকে একটি গণ্ডির  মধ্যে আটকে রাখে। শিক্ষার্থীরা যেন গ্রোথ মাইন্ডসেট বা ইতিবাচক মানসিকতা বিশ্বাস করে, কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও শেখার আগ্রহ দিয়ে যেকোনো কঠিন পরিস্থিতি জয় করে ভবিষ্যতের ভিত্তি মজবুত করে।’

মতবিনিময় সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. আরিফুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ, উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, পবিপ্রবি, দুমকি ও পটুয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বিবিএন২৪/এমআরকে/১৯ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-19 12:20 pm   |   View: 1164   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow