Breaking news

অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না: সিয়াম Share
অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না: সিয়াম

অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না: সিয়াম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের অকাল মৃত্যুতে তাদের পরিবারে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেছেন দেশের অনেক মানুষ। শোবিজের বেশ কয়েকজন তারকাও এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

অভিনেতা সিয়াম আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। বাবা হওয়ার পর থেকে কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখটাই বারবার চোখের সামনে আসে। একটা সন্তান বিকেলে বাসা থেকে বের হয়েছিল ছবি তুলবে বলে। সেই সন্তান আর বাসায় ফিরল না। একজন বাবা মায়ের জন্য এর চেয়ে ভয়ংকর কোনো অপেক্ষা, কোনো সংবাদ হতে পারে কিনা আমি জানি না।’

তিনি আরো লেখেন, ‘অপ্রতিমের বাবা মা ও পরিবারের মানুষগুলোর এই মুহূর্তের কষ্ট আসলে কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। তাদের প্রতি আমার গভীর সমবেদনা। কী ঘটেছিল, কেন ঘটেছিল, তার সঠিক উত্তর তদন্তের মাধ্যমে সামনে আসুক। কোনোভাবেই যেন সত্যটা চাপা না পড়ে। সর্বোচ্চ সততার সাথে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপ্রতিম, তোমার এভাবে চলে যাওয়ার কথা ছিল না। একজন বাবা হিসেবে আজ শুধু এটুকুই মনে হচ্ছে, আমাদের সন্তানদের জন্য আরও নিরাপদ একটা পৃথিবী তৈরি করার দায় আমাদের সবার।’

এই ঘটনায় হতবাক হয়ে গেছেন অভিনেত্রী পূজা চেরীও। তিনি লিখেছেন, ‘অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুর খবরটি দেখে সত্যিই আমি গভীরভাবে মর্মাহত। একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন—এভাবে অকালে ঝরে যাবে; এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। একটি শিশুর এমন মৃত্যু শুধু একটি পরিবারের নয়, আমাদের সবার হৃদয়ে গভীর শোকের ছাপ রেখে যায়। অপ্রতিমের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দেন।’

বিচারের দাবি জানিয়ে তিনি আরো বলেন, ‘এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্যটা সামনে আসুক এবং যারা দায়ী, তারা যেন আইনের আওতায় আসে—এটাই প্রত্যাশা। অপ্রতিম, তুমি শান্তিতে থেকো। তোমার জন্য রইল অশেষ ভালোবাসা ও প্রার্থনা।’

বিবিএন২৪/এমআরকে/২০ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-20 05:02 am   |   View: 1165   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow