চরম আর্থিক সংকটে পড়ে নজিরবিহীন বাজেট কাটছাঁটের মুখে পড়েছে বিশ্বের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় সম্প্রচারমাধ্যম বিবিসি। প্রতিষ্ঠানজুড়ে চলমান ব্যাপক ব্যয় সংকোচনের অংশ হিসেবে আগামী দুই বছরে প্রায় দুই হাজার পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় শুরুতেই ক্রীড়া বিভাগ থেকে ৪১টি পদ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন পাঁচটি পদ তৈরি হওয়ায় নেট বা নিট কাজের সুযোগ কমছে ৩৬টি। মূলত স্বেচ্ছায় অবসর গ্রহণ প্রক্রিয়ার (ভলান্টারি রিডানড্যান্সি) মাধ্যমে এই পদ বিলুপ্তির লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় প্রতিষ্ঠানটি, যা থেকে প্রায় ২৬ লাখ পাউন্ড সাশ্রয় হবে বলে ধারণা করা হচ্ছে।
অভ্যন্তরীণ নথিপত্র এবং প্রেস অ্যাসোসিয়েশনের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মারাত্মক আর্থিক চাপের মুখোমুখি হয়ে ইতিমধ্যেই একাধিক টেলিভিশন শো বন্ধসহ বিভিন্ন উন্নয়নমূলক খাতের ব্যয় সীমিত করেছে বিবিসি। সংবাদমাধ্যমটির চিফ কনটেন্ট অফিসার কেট ফিলিপস কর্মীদের উদ্দেশে পাঠানো এক অভ্যন্তরীণ মেমোতে জানিয়েছেন, ২০২৭-২০২৮ অর্থবছরের মধ্যে তাদের কমিশন বাজেট থেকে অন্তত ৮০ মিলিয়ন পাউন্ড কাটছাঁট করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফিলিপস আরও সতর্ক করে দিয়েছেন যে, কেবল কনটেন্ট ডিভিশন থেকেই চলতি অর্থবছরের শেষ নাগাদ প্রায় ১০০টি পদ বিলুপ্ত হতে যাচ্ছে।
পুরো সম্প্রচার প্রতিষ্ঠানজুড়ে আগামী দুই বছরে ৫০০ মিলিয়ন পাউন্ড ব্যয় কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার অধীনে সর্বোচ্চ দুই হাজার কর্মী ছাঁটাইয়ের এই বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বিগত প্রায় ১৫ বছরের মধ্যে এটিই বিবিসির সবচেয়ে বড় আকারের কর্মী ছাঁটাই উদ্যোগ হতে যাচ্ছে। এই মোট ছাঁটাইয়ের মধ্যে মূল বিবিসি নিউজ, টেলিভিশন এবং রেডিও পরিচালনা বিভাগ থেকেই ৫০০ কর্মী কমানো হবে। মহাপরিচালক ম্যাট ব্রিটিন আশা করছেন, কেবল সংবাদ ও সম্প্রচার খাত থেকে ছাঁটাইয়ের মাধ্যমে অন্তত ১৬০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করা সম্ভব হবে।
এর আগে, গত জুন মাসে কর্মীদের পাঠানো এক ইমেইলে মহাপরিচালক এবং গুগলের সাবেক নির্বাহী কর্মকর্তা ম্যাট ব্রিটিন সার্বিক পরিস্থিতি ও কঠোর সিদ্ধান্তের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। তিনি কর্মীদের উদ্দেশে লেখেন, সঞ্চয় বা সাশ্রয়ের এই বিশাল পরিমাণের জন্য আমাদের অত্যন্ত কঠিন সব সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর জন্য সতর্কতার সঙ্গে কাজ করা প্রয়োজন এবং এটি রাতারাতি বা একবারে সম্পন্ন হবে না। আপনার সংশ্লিষ্ট বিভাগে পরিকল্পনা তৈরি হওয়ামাত্রই তা জানিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগকেই বড় অঙ্কের অর্থ সাশ্রয় করতে হবে।
কর্মীদের উদ্দেশে সহমর্মিতা প্রকাশ করে ম্যাট ব্রিটিন সেই ইমেইলে আরও বলেন, আমরা অত্যন্ত অনিশ্চিত এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। বিশ্বকে বোঝা, বিনোদন পাওয়া এবং বস্তুনিষ্ঠ তথ্যের জন্য আমাদের দর্শকেরা প্রতিদিন আমাদের ওপর নির্ভর করেন। নিজেদের এই মূল মিশন বজায় রেখে ব্যয় সংকুচিত করা নিশ্চিতভাবেই সবার জন্য দ্বিগুণ কঠিন এক সময়। এ বিষয়ে আপনাদের বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলুন এবং প্রতিষ্ঠানের উপলব্ধ সহায়তাগুলো গ্রহণ করুন। এই কঠিন সময়ে আপনারা যা করছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ।
বিবিসিকে প্রশাসনিকভাবে আরও সহজ, গতিশীল ও দ্রুত কার্যকর করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী ও শীর্ষ ব্যবস্থাপনা পদের সংখ্যা অন্তত ১০ শতাংশ কমিয়ে আনা হবে বলে জানান সাবেক এই গুগল প্রধান। তিনি উল্লেখ করেন, আগামী দিনগুলোতে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
বিবিএন২৪/এমআরকে/২৫ সেপ্টেম্বর ২০২৬,