Breaking news

সালমান শাহের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান Share
সালমান শাহের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান

সালমান শাহের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান

নায়ক সালমান শাহর আকস্মিক প্রয়াণ ঢালিউডের সিনেমা অঙ্গনে তৈরি করেছিল এক বিশাল শূন্যতা ও অনিশ্চয়তা। সে সময় তার অসম্পূর্ণ থেকে যাওয়া কাজগুলো সম্পূর্ণ করতে কোনো শর্ত ও পারিশ্রমিক ছাড়াই এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সস্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে প্রিয় সহকর্মীর প্রয়াণের দিন এবং সেদিনের সেই সিদ্ধান্তের পেছনের আবেগঘন স্মৃতি তুলে ধরেন তিনি। 

সেই সাক্ষাৎকারে তৎকালীন এফডিসির থমথমে পরিবেশ ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের দুর্দশার কথা স্মরণ করে আমিন খান বলেন, ‘ও (সালমান শাহ) যেদিন আমাদের ছেড়ে চলে গেল, সেদিন সকালবেলা আমি এফডিসিতেই ছিলাম। ওই দিন প্রযোজক ও পরিচালকদের আহাজারি আর কান্নাকাটি দেখে মনে হচ্ছিল, তাদের বুঝি সবকিছুই শেষ হয়ে গেল।’

 

চলচ্চিত্রের নির্মাতা ও প্রযোজকদের সেই কঠিন পরিস্থিতিতে সহায়তার মানসিকতা থেকেই এগিয়ে এসেছিলেন জানিয়ে এই আমিন খান বলেন, ‘আমার কাছে তখন মনে হয়েছিল, সালমানকে রেখে যদি গল্পের মোড় ঘুরিয়ে কোনোভাবে কাজগুলো করা সম্ভব হয়, তবে আমি বিনামূল্যে তা করে দিতে প্রস্তুত। অন্তত এতে করে ক্ষতিগ্রস্ত মানুষগুলো ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।’

সহকর্মীদের প্রতি সহানুভূতি ও প্রয়াত বন্ধুর প্রতি আত্মিক টানের কথা উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘এমনটা করতে পারলে হয়তো আমার বন্ধুর আত্মাও শান্তি পেত এবং প্রযোজক-পরিচালকদের মনের কষ্টটাও কিছুটা লাঘব হতো। সালমানের সঙ্গে আমার কোনো সিনেমায় কাজ করার সুযোগ না হলেও আমরা একসঙ্গে পথ চলেছি, অনেক আড্ডা দিয়েছি। সেই ভালোবাসা আর দায়িত্ববোধ থেকেই সেদিন আমার ওই প্রস্তাব দেওয়া।’

পরবর্তীতে গল্প পুনর্বিন্যাস করার সুযোগ থাকায় শুধু একটি চলচ্চিত্রে যুক্ত হওয়া সম্ভব হয়েছিল বলে জানান তিনি। এ প্রসঙ্গে আমিন খানের কথা এমন, ‘গল্পের পটভূমি পরিবর্তনের সুযোগ থাকায় শুধু ‘স্বপ্নের নায়ক’ সিনেমাটি করা সম্ভব হয়েছিল, তবে অন্যগুলোর ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। বন্ধু যেখানেই থাকুক, ভালো থাকুক—সবসময় এটাই আমার চাওয়া।’

বিবিএন২৪/এমআরকে/২৯ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-29 04:00 am   |   View: 1162   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow