পাবনা সদর উপজেলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আলাউদ্দিন নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহত আলাউদ্দিনও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বিল ভাদুড়িয়া গ্রামে একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে সুমন ও আলাউদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দুজনকে কুপিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের একটি রিকশায় তুলে পরিবারের কাছে পাঠিয়ে দেয় হামলাকারীরা।
স্বজনরা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় সুমনের মৃত্যু হয়। আহত আলাউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ নিহতের পরিবারের বরাত দিয়ে জানায়, সুমন মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিবিএন২৪/এমআরকে/০৫ অক্টবর ২০২৬,