বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের মামলায় নুর ইসলাম (৪০) নামে এক যুবককে ৩০ বছর করে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে পৃথক দুটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুদের দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা হয়।
দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১২ মার্চ আড়োলা আবাসন প্রকল্পে নিজ ঘরে ডেকে নিয়ে খাবার ও টাকার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ করেন নুর ইসলাম। এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরদিন এক শিশু জ্বরে আক্রান্ত হয় এবং অন্য শিশুর তীব্র রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে কাহালু থানায় মামলা করেন। পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে নুর ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষী উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ ও চিকিৎসা পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত আসামিকে দুটি পৃথক সাজায় ৩০ বছর করে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন অনুযায়ী একটি সাজা ভোগের পর অপর সাজা শুরু হবে। এ ছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার ১ লাখ টাকা আদায় করে ভুক্তভোগী শিশুদের পরিবারকে দেওয়ার ব্যবস্থা করা হবে।
বিবিএন২৪/এমআরকে/ ০৮ অক্টোবর ২০২৬,